ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে ম্যাজিক দেখাল টিম ইন্ডিয়া। অথচ মনে হচ্ছিল জয় যেন ইংল্যান্ডের জন্য সময়ের ব্যাপারমাত্র! কিন্তু ওভাল টেস্টে আজ শেষ দিনে নাটকীয় ঘটনার জন্ম হলো। রোমাঞ্চ ছড়িয়ে ৬ রানে জিতে পাঁচ টেস্টের সিরিজ ২-২ এ ড্র করল শুবমান গিলের ভারত। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভাগভাগি করল দুই দল!
চতুর্থ দিনের খেলা শেষ হয়েছিল উত্তেজনার জন্ম দিয়ে। ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দেয় ভারতীয় দল, যেখানে ওভালে রান তাড়ার সর্বোচ্চ রেকর্ড ছিল ২৬৩। সেই সঙ্গে খেলা থমকে দেয় ঝড়ো বৃষ্টি ও খারাপ আলো। ফলে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। সেঞ্চুরি করেও জো রুটকে থামিয়ে দিয়েছিল ভারতীয় পেসাররা। শেষ দিনে ভারতের দরকার ছিল মাত্র ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান।আজ দিনের শুরুতেই ওভারটনের টানা দুটি বাউন্ডারি ভারতীয় শিবিরে চাপ সৃষ্টি করে। কিন্তু পরপর আঘাত হানেন সিরাজ। প্রথমে জেমি স্মিথ, এরপর ওভারটনকে ফিরিয়ে দেন সিরাজ। নাটকীয়তার পারদ চড়তে থাকে। ইনজুরির কারণে ড্রেসিংরুমে থাকা ক্রিস ওকস নামেন ব্যাটিংয়ে। একপ্রান্ত আগলে চেষ্টা করছিলেন গাস অ্যাটকিনসন।
শেষ উইকেট জুটিতে প্রয়োজন ছিল ১৭ রান। ভারতের জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে সিরাজ বোল্ড করেন অ্যাটকিনসনকে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ওভাল। ৫ উইকেট নিয়ে সিরাজ ম্যাচের নায়ক হয়ে ওঠেন, যে সিরাজ আগের দিন ছক্কা বানানো ক্যাচ মিস করে পড়েছিলেন সমালোচনার মুখে।এই জয়ে সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে। ক্রিকেটপ্রেমীরা টেস্টের শেষ দিনে নাটকীয়তার পূর্ণ স্বাদ পেয়েছেন। একদিকে খেলা, অন্যদিকে প্রকৃতির অনিশ্চয়তা-সব মিলিয়ে ওভালের এই ম্যাচ হয়ে থাকল স্মরণীয়।
ভারতের প্রথম ইনিংসে ২২৪ রানের জবাবে ইংল্যান্ড করে ২৪৭। ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯৬ রান, ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪। ওভালের ইতিহাস অনুযায়ী, এটা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ইংল্যান্ড লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত। আর শেষ মুহূর্তে ভারতীয় পেস আক্রমণের সামনে হেরে যায় মাত্র ৬ রানে। হারের আগে দলের না হারার মানসিকতা একই বলে!
এই ম্যাচে সিরাজ প্রমাণ করলেন, কখনও কখনও নায়ক হতে সময় বেশি লাগে না-মুহূর্তই বদলে দিতে পারে সবকিছু। ভারতের এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, টেস্ট ক্রিকেটের প্রাণ ফিরে পাওয়ার আরেকটি উদাহরণ!
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১ম ইনিংস ২২৪/১০ ও ২য় ইনিংস ৩৯৬/১০।
ইংল্যান্ড: ১ম ইনিংস ২৪৭/১০ ও ২য় ইনিংস ৮৫.১ ওভারে ৩৬৭/১০ (ব্রুক ১১১, রুট ১০৫, ডাকেট ৫৪, পোপ ২৭, অ্যাটকিনসন ১৭; সিরাজ ৫/১০৪, কৃষ্ণা ৪/১২৬, দীপ ১/৮৫)।
ফল: ভারত ৬ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ১–১ ড্র।
ম্যাচসেরা: মোহাম্মদ সিরাজ।
সিরিজসেরা: হ্যারি ব্রুক ও শুবমান গিল।